ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে নিজেদের পুঁতে রাখা মাইনে প্রাণ হারিয়েছেন এক ইসরায়েলি সেনা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দক্ষিণ গাজায় ক্যাপ্টেন রি বিরান নামে ২১ বছর বয়সী এই সেনার মৃত্যু হয়। তিনি গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটের টিম কমান্ডার ছিলেন। খবর টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, গাজার খান ইউনিসে কয়েকটি ভবন ধ্বংসের কাজ করছিলেন তাদের সেনারা। এর অংশ হিসেবে সেগুলোতে মাইন পোঁতা হয়। মাইন পোঁতার দুই ঘণ্টা পরই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসময় ক্যাপ্টেন রি বিরান আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বোমার কোনো শার্পনেল এসে তার শরীরে আঘাত হেনেছে।
এর কিছু দিন আগেই গভীর রাতে বেইত হানুন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্যরা পায়ে হেঁটে স্থল অভিযান পরিচালনা করার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে সৈন্যরা আহত হয়। পরে হাসপাতালে এই সেনার মৃত্যু হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতি অনুসারে, বিস্ফোরণের সময় ইউনিটটি যানবাহনের বাইরে কাজ করছিল। এ সময় গাজার প্রতিরোধ যোদ্ধারা এই আহত যোদ্ধাদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় বাধা দিলে পরিস্থিতি আরও খারাপ হয়। ফলে উদ্ধার প্রক্রিয়ায় অতিরিক্ত উদ্ধার বাহিনীকে ডাকা হয়।
এছাড়া, গাজায় অভিযানে চালিয়ে ইসরায়েলে ফেরার পর হতাশায় আত্মহত্যা করেছে অন্তত ৪৪ ইসরায়েলি সেনা। তবে এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে আইডিএফ।
এর আগে, গত সপ্তাহে এক বুলডোজার অপারে টরকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা। ওই বুলডোজার অপারেটর গাজায় ভবন ভাঙছিল। তখন তার ওপর অতর্তিক হামলা চালান হামাসের যোদ্ধারা। ওই সময় ইসরায়েলি সেনাদের কাছ থেকে একাধিক অস্ত্রও নিয়ে আসেন তারা।
সুলতানা দিনা/