যুক্তরাষ্ট্রের বন্যা বিপর্যস্ত অঙ্গরাজ্য টেক্সাস সফর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সেখানে অঙ্গরাজ্যটির কর্মকর্তাদের প্রশংসা করেন। পাশাপাশি সাধুবাদ জানান কেন্দ্রীয় কর্মকর্তাদেরও। তারা ‘অসাধারণ কাজ’ করেছেন বলে জানান তিনি। ট্রাম্প বলেন, এর আগে এমন কিছু দেখেননি তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিলুপ্ত করে দেবেন। তবে তিনি তার সে অবস্থান পরিবর্তন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
তবে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফিমা) আসলে কী হবে, সে বিষয়ে এখন সবকিছু ধোঁয়াশা করে রেখেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। অনেকেই সংস্থাটির ব্যাপক সংস্কার চাইছেন বলেও জানা গেছে।
৪ জুলাইয়ের ওই বন্যায় টেক্সাসে অন্তত ১২০ জন মারা গেছেন। কেরভিলে এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, ফিমা বেশ কয়েকটি জরুরি প্রতিক্রিয়া ইউনিট নিয়োজিত করেছিল। তিনি উদ্ধারকাজের সঙ্গে জড়িত সবার প্রশংসা করেন। তিনি বলেন, উদ্ধারকাজের সঙ্গে জড়িতরা দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিয়েছেন।
ট্রাম্প বলেন, যা তারা করেছে তা নিয়ে প্রতিটি আমেরিকানের উদ্বুদ্ধ হওয়া উচিত। তিনি বন্যাকে তুলনা করেছেন প্রশান্ত মহাসাগরের বিশাল আকৃতির এক ঢেউয়ের সঙ্গে যার মুখোমুখি হতে বিশ্বের সবচেয়ে ভালো সার্ফাররাও ভয় পাবেন।
এক সাংবাদিক প্রশ্ন রাখেন, অনেক স্বজন বলছেন যে, জরুরি সতর্কতা আগে পেলে তাদের স্বজনদের বাঁচানো সম্ভব হতো। এ বিষয়ে ট্রাম্প কী ভাবছেন? ট্রাম্প ওই সাংবাদিককে এ প্রশ্ন করার জন্য ‘মন্দ ব্যক্তি’ তকমা দেন।
গত বৃহস্পতিবার (১০জুলাই) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এর আগে কেউ এ রকম কিছু দেখেননি। এটি প্রতি ২০০ বছরে একবার হওয়ার মতো ঘটনা।’ তিনি সে সময় আরও জানিয়েছিলেন যে, তিনি টেক্সাসে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সেখানে নিখোঁজদের উদ্ধারে ব্যস্ত কর্তৃপক্ষের ওপর চাপ বাড়াতে চাইছেন না। সূত্র: দ্য গার্ডিয়ান