চীনা স্টার্ট-আপ মুনশট এআই একটি নতুন ওপেন-সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশ করেছে। 'কিমি কে টু' নামের নতুন এই মডেলটি ডিপসিকের থেকেও আরো শক্তিশালী একটি এআই মডেল যা গণিত, কোডিং এবং সাধারণ এজেন্টিক কাজে দক্ষতা অর্জনের জন্য খুবই কার্যকর হবে।
চীনা সংবাদমাধ্যম সিএমজি এই খবর জানিয়েছে।
শুক্রবার (১১ জুলাই) মুনশট জানায়, 'কিমি কে টু' একটি মিশ্র-বিশেষজ্ঞদের (MoE) স্থাপত্যের সাহায্যে তৈরি করা হয়েছে এবং এতে মোট ১ ট্রিলিয়ন প্যারামিটার রয়েছে, যার মধ্যে ৩২ বিলিয়ন সক্রিয় প্যারামিটার রয়েছে। ফলে এটি ব্যাপক পরিমাণ তথ্য নিয়ে কাজ করতে পারে। বিশেষ নকশার কারণে এটি কোডিং, বিভিন্ন ধরনের কাজ পরিচালনা এবং অন্য সফটওয়্যারের সঙ্গে সহজে যুক্ত হয়ে জটিল কাজগুলোকে খুব সহজে ভেঙে বিশ্লেষণ করতে পারে।
MoE হল একটি মেশিন-লার্নিং পদ্ধতি যা একটি AI মডেলকে পৃথক সাব-নেটওয়ার্কে বিভক্ত করে, অথবা বিশেষজ্ঞদের সহায়তায় যৌথভাবে কাজ করে।
মুনশট জানিয়েছে, তারা 'কিমি কে টু'-এর দুটি সংস্করণ ওপেন-সোর্স করেছে। ফাউন্ডেশন মডেল 'কিমি কে টু'-বেস, গবেষক এবং নির্মাতাদের জন্য অপ্টিমাইজ করা হয়েছে। আর 'কিমি কে টু'-ইনস্ট্রাক্ট ড্রপ-ইন মডেলটি সাধারণ চ্যাট এবং অন্যান্য কাজের জন্য।
নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এআই মডেলগুলোর মতোই শক্তিশালী তাদের 'কিমি কে টু'। এমনকি, চীনেরই আরেকটি ওপেন সোর্স মডেল ডিপসিক ভার্সন-৩ থেকেও এটি বেশি ভালো কাজ করে।
মজার বিষয় হলো, চীনা প্রতিষ্ঠানগুলো সবার জন্য তাদের মডেল উন্মুক্ত করে দিচ্ছে। ওপেন-সোর্স 'কিমি কে টু' এখন ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এতে সবাই এগুলো ব্যবহার করে পরবর্তীতে উন্নত করতে পারবে।
অন্যদিকে, ওপেনএআই এবং গুগল এর মতো বড় মার্কিন কোম্পানিগুলো তাদের সবচেয়ে উন্নত মডেলগুলো এখনও নিজেদের কাছেই রেখে দিয়েছে।
মুনশট এআই ছাড়াও ডিপসিক, আলিবাবা, টেনসেন্ট এবং বেইতৌ এর মতো চীনা প্রতিষ্ঠান ইতোমধ্যেই নিজেদের ওপেন সোর্স (সবার জন্য উন্মুক্ত) এআই মডেল প্রকাশ করেছে। এতে চীনের এআই বাজার আরও নতুনত্ব ও প্রতিযোগিতায় ভরপুর হয়ে উঠছে।
সুলতানা দিনা/