ফ্রান্সের অন্যতম বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র 'গ্রাভলিনস' জেলিফিশের আক্রমণে হঠাৎ বন্ধ হয়ে গেছে।
রবিবার (১০ আগস্ট) রাতে ফরাসি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি ইডিএফ (EDF) এ তথ্য জানায়।
ইডিএফ জানায়, উত্তর ফ্রান্সের উপকূলে অবস্থিত এই কেন্দ্রের কুলিং সিস্টেমে হঠাৎ বিপুলসংখ্যক জেলিফিশ ঢুকে পড়ায় পাম্প স্টেশনের ফিল্টার বন্ধ হয়ে যায়। এর ফলে প্রথমে তিনটি রিঅ্যাক্টর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই চতুর্থ রিঅ্যাক্টরও থেমে যায়। বাকি দুই রিঅ্যাক্টর আগে থেকেই গ্রীষ্মকালীন রক্ষণাবেক্ষণে বন্ধ থাকায় পুরো প্লান্ট অচল হয়ে পড়ে। স্বাভাবিক অবস্থায় এই কেন্দ্র প্রায় ৫০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে।
তবে এ ঘটনায় প্লান্ট, কর্মী বা পরিবেশের কোনো ক্ষতি হয়নি এবং যুক্তরাজ্যে বিদ্যুৎ রপ্তানিও বাধাগ্রস্ত হয়নি। গ্রাভলিনস প্লান্টের কুলিং সিস্টেমের জন্য উত্তর সাগরের সঙ্গে যুক্ত একটি খাল থেকে পানি আসে- যেখানে গ্রীষ্মকালে উষ্ণ জলে স্থানীয় প্রজাতির জেলিফিশের আধিক্য দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় বিদ্যুৎকেন্দ্রে জেলিফিশের কারণে কার্যক্রম ব্যাহত হওয়া নতুন কিছু নয়। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা হঠাৎ বিপুলসংখ্যক জেলিফিশ আসার পূর্বাভাস দিতে “প্রাথমিক সতর্কতা ব্যবস্থা”ও তৈরি করেছেন।
এর আগে ২০২১ সালে স্কটল্যান্ডের টর্নেস পারমাণবিক কেন্দ্র একই কারণে এক সপ্তাহ বন্ধ ছিল। ২০১১ সালেও সেখানে একই ঘটনা ঘটে। শুধু ফ্রান্স বা যুক্তরাজ্য নয়- সুইডেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং ১৯৯৯ সালে ফিলিপাইনের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও জেলিফিশে অচল হয়ে পড়েছিল।
সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে চীনের পূর্বাঞ্চলের বৃহত্তম কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র ১০ দিন ধরে বন্ধ ছিল, কারণ কর্মীদের তখন ১৫০ টনের বেশি জেলিফিশ সরাতে হয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান
মেহেদী/