ভারত-পাকিস্তান সংঘর্ষ থেমে গেলেও দুই দেশের বাকযুদ্ধ এখনও চলছে। যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের পরমাণু হুঁশিয়ারির পর এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি।
বিলাওয়াল ভুট্টো জানান, ভারত যদি সিন্ধু নদীর উপর বাঁধ দেয়, তাহলে দুই দেশের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী। শুধু তাই নয়, সিন্ধু-সহ ভারতের ৬ নদী দখল করার হুমকিও দেন তিনি।
পাহালগাম জঙ্গি হামলা ও ২৬ জন পর্যটকের মৃত্যুর জেরে অপারেশন সিঁদুরের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। যার মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে ১৯৬০ সালের সিন্ধ পানিচুক্তি বাতিল করা।
এছাড়া, সিন্ধুতে বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়ে দিয়েছে ভারত। এর প্রেক্ষিতেই যুদ্ধের হুমকি দিয়ে ভুট্টো বলেন, ‘যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধু নদীর উপর কোনওরকম কাটাছেঁড়া করেন তাহলে সেটিকে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আমাদের সভ্যতার উপর হামলা বলে ধরে নেয়া হবে। যুদ্ধ বাঁধলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোদির মোকাবিলা করার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেব আমরা।’
ভুট্টোর এই হুঁশিয়ারি এমন সময়ে এল যখন যুক্তরাষ্ট্র থেকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনা প্রধান।
রবিবার (১০ আগস্ট) ফ্লোরিডার ট্যাম্পায় শিল্পপতি আদনান আসাদের নৈশভোজে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’
সিন্ধু নদীর উপর বাঁধ প্রসঙ্গে মুনির আরও বলেন, ‘ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা ১০টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু ভারতের পৈতৃক সম্পত্তি নয়। আমাদের কাছেও ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই।’
১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু পানিচুক্তি স্বাক্ষর করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, বিতস্তা ও চন্দ্রভাগার পানির উপরে পাকিস্তানের অধিকার ৮০ শতাংশ, ভারতের ২০ শতাংশ। তবে চুক্তির শর্ত অনুযায়ী, ভারত পানি ব্যবহার করলেও তা আটকাতে পারবে না।
কিন্তু দীর্ঘদিন ধরেই ভারতের দাবি , সিন্ধু পানিচুক্তিতে সংশোধন করতে হবে। গতবছর সেপ্টেম্বর মাসে এই চুক্তিতে সংশোধন চেয়ে ইসলামাদকে কড়া নোটিসও পাঠায় ভারত। তবে পাহালগাম হামলার পর সিন্ধু পানিচুক্তি নিয়ে চরম পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতের এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সমকক্ষ বলে আগেই তোপ দেগেছে পাকিস্তান।
সুলতানা দিনা/