ব্রাজিলের বিখ্যাত ইপানেমা সৈকতে দুই ব্রিটিশ নারী পর্যটককে মাদকাসক্ত করে ছিনতাই করার পর রিও ডি জেনেরিও পুলিশ একটি মামলার তদন্ত করেছে।
এই ঘটনাটি ব্রাজিলে 'গুডনাইট, সিন্ডারেলা' কেলেঙ্কারি নামে পরিচিত। পুলিশ বলেছে, অপরাধীরা বিদেশী পর্যটকদের প্রলুব্ধ করে, তাদের পানীয়তে মাদক মিশিয়ে দিয়ে তাদের জিনিসপত্র চুরি করে নেয়। দুই ব্রিটিশ নারী পর্যটকের এই মামলাটিকে ধারাবাহিক এই কেলেঙ্কারির সর্বশেষ ঘটনা বলে মনে হচ্ছে।
বুধবার (১৩ আগস্ট) সিএনএন ব্রাজিলের খবরে বলা হয় , একজন পর্যটক পুলিশকে জানান, বৃহস্পতিবার ভোরে তিনি এবং তার বন্ধু একটি বারে তিনজন মহিলার সঙ্গে দেখা করার পর একটি স্পাইকযুক্ত ককটেল পান করেন। এরপর, মহিলাদের সঙ্গে বিখ্যাত ইপানেমা সৈকতে যাওয়ার পথে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
সিএনএন ব্রাজিলের খবর অনুযায়ী, পরে তিন নারীকে একটি ট্যাক্সি থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। পরে একজন প্রত্যক্ষদর্শীর সাহায্যে ব্রিটিশ পর্যটকদের হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।
সিএনএন ব্রাজিলের খবর অনুযায়ী, মহিলারা এই পর্যটকদের দুটি মোবাইল ফোন চুরি করেন এবং প্রায় ২১,০০০ ডলার ব্যাংক থেকে ট্রান্সফার করে নিয়েছেন।
রিও ডি জেনিরো সিভিল পুলিশ সিএনএনকে জানিয়েছে, কর্তৃপক্ষ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। বিশেষ পর্যটন সহায়তা ইউনিট নিরাপত্তা ফুটেজ বিশ্লেষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর দেশটির নাগরিকদের সতর্ক করে দিয়েছে যে, ব্রাজিলে ডেটিং অ্যাপগুলোকে অপরাধীরা বিদেশী নাগরিকদের লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করছে। যার ফলে ডাকাতি এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দেশটি তাদের জনগণকে সতর্কতা অবলম্বন করতে এবং তাদের পানীয় ও জিনিসপত্রের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সুলতানা দিনা/