ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্থানীয় সময় সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র দেশটির আঞ্চলিক জলসীমার কাছাকাছি নৌ-উপস্থিতি জোরদার করায় ভেনেজুয়েলা এখন গত ১০০ বছরে আমেরিকা মহাদেশের দেখা সবচেয়ে বড় হুমকির সম্মুখীন।
এক সংবাদ সম্মেলনে মাদুরো মার্কিন এ পদক্ষেপকে “অযৌক্তিক” এবং “পুরোপুরি অপরাধমূলক হুমকি” বলে আখ্যা দেন।
তিনি দাবি করেন, আটটি মার্কিন নৌযান ১ হাজার ২০০ ক্ষেপণাস্ত্র বহন করছে এবং একটি পারমাণবিক সাবমেরিন ভেনেজুয়েলাকে নিশানা করছে।
মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র এবার সামরিক উপায়ে “সর্বোচ্চ চাপ” প্রয়োগ করছে। এর জবাবে ভেনেজুয়েলা জাতীয় প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা করেছে।
আরও পড়ুন: ক্যারিবিয়ান সাগরে ১২০০ ক্ষেপণাস্ত্রবাহী ৮ মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন
আরও পড়ুন: উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ, ভেনেজুয়েলায় ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েন
মাদুরো জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলা কখনোই “হুমকি বা ব্ল্যাকমেইলের” কাছে মাথা নত করবে না। দেশটি শান্তিপ্রিয় হলেও আক্রমণের শিকার হলে নিজেদের ভূখণ্ড রক্ষায় লড়াই করবে। এ জন্য তিনি একটি জাতীয় কর্মসূচি ঘোষণা করেন, যাতে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং কমিউনাল মিলিশিয়া কমব্যাট ইউনিট গঠন করা হবে দেশের প্রতিরক্ষা জোরদার করতে।
মাদুরো তার সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাদক পাচারের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই বিপুল পরিমাণ মাদক আটক করেছে এবং শত শত অপরাধচক্রের বিমান ধ্বংস করেছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিদ্যমান যোগাযোগ চ্যানেল “ভেঙে গেছে”, তবে ভেনেজুয়েলা সর্বদা কূটনৈতিক ও সংলাপের পথ খোলা রাখে। সূত্র: সিনহুয়া
মাহফুজ