ইতিহাস গড়লেন ব্রিটিশ-পাকিস্তানি রাজনীতিক শাবানা মাহমুদ। লেবার পার্টির এই সংসদ সদস্য সোমবার (৮ সেপ্টেম্বর) লন্ডনের রয়্যাল কোর্টস অব জাস্টিসে শপথ নিয়ে যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেডি চিফ জাস্টিস সু কার, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট রবার্ট রিড এবং হাই কোর্টের চ্যান্সেলর জুলিয়ান ফ্লক্স।
শপথ গ্রহণের সময় শাবানা মাহমুদ পবিত্র কোরআনে হাত রেখে অঙ্গীকার করেন এবং উর্দু ভাষায় বক্তব্য দিয়ে জানান, তিনি প্রথম লর্ড চ্যান্সেলর যিনি এই ভাষায় কথা বললেন।
৪৩ বছর বয়সী এই লেবার এমপি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “লর্ড চ্যান্সেলর হিসেবে শপথ নেওয়া আমার জন্য এক বিরাট সম্মান। আমি আমাদের স্বাধীন বিচারব্যবস্থাকে সব ধরনের হস্তক্ষেপ ও অযথা চাপ থেকে সুরক্ষিত রাখব। আইনের শাসনের একজন অকৃত্রিম সমর্থক হয়ে কাজ করব। নয় শতাব্দী ধরে টিকে থাকা এই পদ আজ আরও বেশি গুরুত্বপূর্ণ।”
নিজের বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দেন- নতুন লেবার সরকার ইউরোপীয় মানবাধিকার সনদের আলোকে আন্তর্জাতিক আইন রক্ষা ও মানবাধিকার সমুন্নত রাখতে কাজ করবে।
তিনি আরও বলেন- আদালত ব্যবস্থার নানা সীমাবদ্ধতা রয়েছে এবং সহিংসতা ও নির্যাতনের শিকার নারী ও কিশোরীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করতে আরও উদ্যোগ নিতে হবে।
লেডি চিফ জাস্টিস সু কার অনুষ্ঠানে বলেন, “চ্যালেঞ্জ ও কঠিন সিদ্ধান্ত আসবে, এটাই শাসন ব্যবস্থার স্বাভাবিক ধারা। আমরা আপনার সঙ্গে কাজ করে ন্যায়বিচারের লক্ষ্যে এগিয়ে যেতে চাই।”
শাবানা মাহমুদ বার্মিংহামের স্মল হিথ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। তার এই অর্জন যুক্তরাজ্যে নারী ও মুসলিম সম্প্রদায়ের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: ডন
মেহেদী/