তরুণ প্রজেন্মর (জেন জি) সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেছেন।
গত বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্ক্ষলা বাহিনীর গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হওয়ার পর এই বিক্ষোভ মারত্মক আকার ধারন করে।
জানা গিয়েছে, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ অনলাইনে আয়োজন করেছে একটি বেনামী যুব গোষ্ঠী যারা নিজেদেরকে "GenZ 212" নামে অভিহিত করে থাকে। এই গোষ্ঠীটি নিজেদের সমর্থন সংগ্রহের জন্য টিকটক, ইনটাগ্রাম এবং গেমিং অ্যাপ ডিসকর্ডের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
বিক্ষোভের গত ৪ দিনে তড়তড় করে জনপ্রিয় হয়ে উঠছে GenZ 212। বিক্ষোভ শুরুর দিকে এই সংগঠনটির সদস্য ছিল মাত্র ৩ হাজার, বর্তমানে তা বেড়ে পৌঁছেছে ২ লাখ ৩০ হাজারে।
এদিকে, রয়টার্স জানিয়েছে, গত বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে অস্ত্র লুটপাটের উদ্দেশ্যে একদল বিক্ষোভকারী হামলা চালায়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং কয়েক জন আহত হন।
জানা যায়, বিক্ষোভকারীদের অনেকেরই এসময় হাতে ছুরি ছিল। তবে পুলিশ লাগাতার গুলি ও টিয়ারশেল ছুড়তে থাকলে তা ব্যবহারের সুযোগ পাননি তারা। তবে তারা থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করে।
প্রসঙ্গত, ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গত ২৮ সেপ্টেম্বর শনিবার থেকে রাবাতে বিক্ষোভ শুরু করে তরুণ প্রজন্ম।
এদিকে, গতকাল থানায় হামলার পাশাপাশি আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংক এবং কয়েকটি দোকান লুটপাট করেছে এই বিক্ষোভকারীরা।
আবদেস্লাম চেগ্রি নামের এক প্রত্যাক্ষদর্শী রয়টার্সকে বলেন, “আমি একটি ক্যাফেতে বসে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখছিলাম। হঠাৎ দেখলাম বেশ কয়েকজন তরুণ পাশের একটি দোকানে পাথর ছুড়ছে। তারপর তাদেরকে দোকনের দরজা ভেঙে প্রবেশ করতে দেখেছি আমি।”
মরক্কোর পর্যটন শহর মারাকেশেও একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালিয়েছে জেন জি বিক্ষোভকারীরা।
মরক্কোয় বেকারত্বের হার ১২ দশমিট ৮ শতাংশ এবং এটি ক্রমশ বাড়ছে। দেশটির তরুণদের মধ্যে ৩৫ দশমিক ৮ শতাংশ এবং স্নাতক সম্পন্নকারীদের মধ্যে ১৯ শতাংশ বর্তমানে বেকার।
সুলতানা দিনা/