দক্ষিণ সুদানে এক ‘ত্রিভুজ প্রেমের’ ঘটনাকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে অন্তত ১৪ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গত সোমবার (৬ অক্টোবর) তেলসমৃদ্ধ আবিয়ে বক্স অঞ্চলের একটি বাজারে সরকারপন্থি ও বিরোধী সেনাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
জানা গেছে, দুই সেনা কর্মকর্তার মধ্যে প্রেমঘটিত বিরোধ থেকেই শুরু হয় গোলাগুলি। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী চেকপোস্ট ও ব্যারাকে। নিহতদের মধ্যে ছয়জন রিয়েক মাশারপন্থি (SPLA-IO) এবং আটজন সালভা কিরপন্থি (SSPDF) সৈন্য বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।
দক্ষিণ সুদানের সেনাবাহিনীর মুখপাত্র লুল রুয়াই কোয়াং বলেন, “ঘটনার দুটি বর্ণনা পাওয়া গেছে— একটি বলছে এটি ছিল ব্যক্তিগত ভুল বোঝাবুঝি, অন্যটি বলছে এটি ছিল একটি ‘ত্রিভুজ প্রেমের’ ফল।”
তিনি জানান, দুই কর্মকর্তা নাকি একই নারীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। এক চায়ের দোকানে কথা কাটাকাটির একপর্যায়ে মাশারপন্থি কর্মকর্তা প্রতিপক্ষকে গুলি করেন। এরপর উভয় পক্ষের দেহরক্ষীরা পাল্টা গুলি চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় একজন বেসামরিক নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন, তার অবস্থা এখনো জানা যায়নি। আহত পাঁচ সৈন্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী বলেছে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়, তবে তদন্ত শুরু হয়েছে।
২০১১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই দেশটি অস্থিতিশীলতায় ভুগছে। ২০১৮ সালে শান্তিচুক্তি হলেও এখনো পর্যন্ত নির্বাচন হয়নি, সেনাবাহিনীর ঐক্যও বাস্তবায়িত হয়নি।
মেহেদী/