প্রায় ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছদ্মনামে লুকিয়ে থাকার পর ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভীর কুখ্যাত অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সাভাকের প্রধান পারভেজ সাবেতির (৮৯) পরিচয় ফাঁস হয়েছে। অতীতের ভয়াবহ অমানবিক নির্যাতন ও কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রেই আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি সাবেক তিন রাজনৈতিক বন্দী তার বিরুদ্ধে ২২৫ মিলিয়ন ডলারের (প্রায় ২,৪০০ কোটি টাকা) ক্ষতিপূরণ মামলা করেছেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উইন্ডারমেরে একটি অভিজাত এলাকায় পিটার ছদ্মনামে এত দিন নির্ঝঞ্ঝাটেই কাটিয়েছেন তিনি। আপাতদৃষ্টিতে শান্তশিষ্ট এক অবসরপ্রাপ্ত বৃদ্ধ হিসেবেই মানুষ তাকে চিনত। এভাবে প্রায় ৪৫ বছর ধরে নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখতে পেরেছিলেন সাবেতি।
পারভেজ সাবেতি ও তার স্ত্রী নাসরিন (৭৫) ১৯৭৮ সালে তেহরান থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। ফাঁস হওয়া স্টেট ডিপার্টমেন্টের নথি অনুযায়ী, তারা ইরান থেকে ২০ মিলিয়ন ডলারের বেশি অর্থ স্থানান্তর করতেও সক্ষম হন।
যুক্তরাষ্ট্রে আসার পর তারা নাম পরিবর্তন করে যথাক্রমে পিটার ও ন্যান্সি রাখেন। এই ছদ্মনামে সাবেতি ফ্লোরিডায় একটি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টিতে ৩ দশমিক ৫ মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল উইন্ডারমের ম্যানশনসহ কমপক্ষে আটটি সম্পত্তির মালিক হন।
৪৫ বছর ধরে লোকচক্ষুর আড়ালে থাকা সাবেতির এক মেয়ে ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে ইরান সরকারের বিরুদ্ধে একটি র্যালিতে বাবার ছবি টুইট করলে তার পরিচয় ফাঁস হয়। এছাড়া, বর্তমানে সাবেতি সাবেক শাহের পুত্র রেজা পাহলভীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কাজ করছেন বলে জানা যায়।
ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভীর কুখ্যাত অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার নাম ছিল সাভাক। ভিন্নমতাবলম্বী ও বিরোধী রাজনৈতিক নেতাদের ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করাই ছিল এই সংস্থার প্রধান কাজ।
পারভেজ সাবেতি শাহের শাসনামলে সাভাক-এর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক ছিলেন। তাকে শাহের শাসনের সবচেয়ে ক্ষমতাধর এবং ভয়ংকর পুরুষদের একজন হিসেবে গণ্য করা হতো।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, দেশজুড়ে বিরোধীদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং বিচারের সব ক্ষমতা ছিল সাবেতির হাতে। সাভাক প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৯ সালে বিলুপ্ত হওয়া পর্যন্ত হাজার হাজার মানুষকে আটক ও নির্যাতন করা হয়েছে। তাদের মধ্যে শত শত ব্যক্তিকে হত্যা করা হয়।
জ্যেষ্ঠ এই সাভাক কর্মকর্তার বাড়ির নিচেই পাওয়া যায় বেশ কয়েকটি তিন-স্তরের গ্রিডের মানুষ পোড়ানোর চুল্লি। যেখানে বিরোধী নেতা এবং ভিন্ন মতাবলম্বীদের ধরে এনে অকথ্য নির্যাতন করে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা হতো।
মামলার বাদী তিন ব্যক্তি, যাঁদের বয়স এখন ৬৮ থেকে ৮৫ বছরের মধ্যে, তারা বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন। তারা অভিযোগ করেছেন, সাবেতির সরাসরি নির্দেশে তেহরানের কারাগারে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল। অত্যাচারের মধ্যে ছিল: ধর্ষণ, বৈদ্যুতিক শক, পানিতে চুবানো ও হাত-পায়ের নখ উপড়ে ফেলা।
জানা যায়, সাভাক-এর কারাগারে ‘অ্যাপোলো’ নামে একটি বিশেষ বৈদ্যুতিক চেয়ারের মতো যন্ত্র ব্যবহার করা হতো। এ যন্ত্রটিতে একটি ধাতব হেলমেট ছিল। এই হেলমেট পরার কারণে নির্যাতিত ব্যক্তিরা যখন যন্ত্রণায় চিৎকার করতেন, সেই চিৎকার বহুগুণে বর্ধিত হয়ে নিজেদের কানেই ফিরে আসত। ফলে যন্ত্রণায় চিৎকার করলে যন্ত্রণা আরও বেড়ে যেত।
এদিকে, সাবেতির আইনজীবীরা যুক্তি দিয়ে মামলাটি খারিজ করার আবেদন করেছেন। তাদের দাবি, এই অভিযোগ ‘দায়ের করার সময়সীমা’ পার হয়ে গেছে। কিন্তু গত ১২ আগস্ট, ফ্লোরিডার কেন্দ্রীয় ফেডারেল জেলা আদালতের বিচারক গ্রেগরি প্রেসনেল তাদের আবেদন আংশিকভাবে খারিজ করে দেন। বিচারক রায় দেন, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইনের অধীনে করা অভিযোগ আমলে নেওয়া হবে।
যদিও আদালতের নির্দেশে রাজ্যের অন্যান্য সংশ্লিষ্ট আইনি অভিযোগগুলো খারিজ করা হয়েছে। তবে এখন নির্যাতনের অভিযোগটি দায়েরের সময়সীমার বাইরে কি না, তা নির্ধারণের জন্য উভয় পক্ষকে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের প্রক্রিয়ায় অংশ নিতে হবে। যদি অভিযোগটি দায়ের করার সময়সীমার মধ্যে বলে প্রমাণিত হয়, তবে আগামী বছরই এর বিচার শুরু হতে পারে।
সুলতানা দিনা/