ভারতের মহারাষ্ট্রে এক নারী চিকিৎসক নিজের হাতের তালুতে সুইসাইড নোটে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৪ বার ধর্ষণের অভিযোগের কথা লিখে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে সাতারা জেলার একটি সরকারি হাসপাতালে।
এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, চিকিৎসকের বাম হাতের তালুতে লেখা নোটে বলা হয়েছে, ফালতান থানার সাব-ইন্সপেক্টর গোপাল বাদনে তাকে পাঁচ মাস ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং চারবার ধর্ষণ করেছেন। ওই নির্যাতনের কারণেই তিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে আরেক পুলিশ কর্মকর্তা প্রশান্ত ব্যাংকারের বিরুদ্ধেও মানসিক হয়রানির অভিযোগ করেছেন তিনি।
ওই চিকিৎসক ফালতান উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের ১৯ জুন তিনি ফালতান উপবিভাগীয় পুলিশ কর্মকর্তাকে (ডিএসপি) পাঠানো এক চিঠিতে বাদনে, সাব-ডিভিশনাল পুলিশ ইন্সপেক্টর পাটিল ও সহকারী পুলিশ ইন্সপেক্টর লাডপুত্রের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন এবং আইনি পদক্ষেপের আবেদন জানান।
সেই অভিযোগপত্রে তিনি লিখেছিলেন, ‘আমি প্রচণ্ড মানসিক চাপে আছি। অনুগ্রহ করে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’
এনডিটিভি জানায়, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের নির্দেশে অভিযুক্ত গোপাল বাদনেকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবারের এ আত্মহত্যার ঘটনায় গত শুক্রবার রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধী দল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেছে, যখন রক্ষকই ভক্ষক হয়, তখন নাগরিকদের নিরাপত্তা কোথায়?
রাজ্য কংগ্রেস নেতা বিজয় ওয়াডেট্টিওয়ার মন্তব্য করেন, এই নারী চিকিৎসক আগেই অভিযোগ করেছিলেন কিন্তু সরকার ও পুলিশ ব্যবস্থা নেয়নি। মহায়ুতি সরকার পুলিশকে আড়াল করছে বলেই এ ধরনের নির্যাতন বাড়ছে।
তিনি আরও বলেন, শুধু তদন্ত কমিটি গঠন নয়, অভিযুক্তদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং যারা অভিযোগ উপেক্ষা করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
সরকারি জোটের শরিক দল বিজেপি জানিয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত হবে। দলটির রাজ্যের নারী শাখার সভাপতি চিত্রা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।
সাতারার পুলিশ সুপার জানান, এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে। এক অভিযুক্ত সাতারার বাইরে আছেন, তাকে গ্রেফতারের জন্য টিম গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসক অভিযোগ করলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে। তিনি সব নারীকে অনুরোধ করেন, এমন পরিস্থিতিতে চূড়ান্ত পদক্ষেপ না নিয়ে ১১২ নম্বরে কল করে সহায়তা চাইতে।
সুলতানা দিনা/