যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘সংবেদনশীল তথ্য’ রক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করে অনুমতি ছাড়া হোয়াইট হাউস প্রেস অফিসের কিছু অংশে সাংবাদিকদের প্রবেশ সীমিত করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) এ নির্দেশ দেওয়া হয়।
সাংবাদিকদের এখন পূর্বানুমতি না থাকলে ‘আপার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। যেখানে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের কার্যালয় এবং ওভাল অফিসের কাছে অবস্থিত।
সাংবাদিকরা আগে এই এলাকায় অবাধে প্রবেশ করতে পারতেন এবং প্রায়শই তথ্য জানতে লিভিট বা সিনিয়র প্রেস কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেতেন।
এক বিবৃতিতে বলা হয়, মিডিয়া এখনও হোয়াইট হাউস ব্রিফিং রুমের পাশে ‘লোয়ার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশের অনুমতি রয়েছে। যেখানে আরও জুনিয়র প্রেস কর্মকর্তারা কাজ করেন।
ট্রাম্প প্রশাসন কর্তৃক সাংবাদিকদের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপের মধ্যে এই নীতিমালাটিও এল। যার মধ্যে রয়েছে পেন্টাগনের নতুন নিয়ম, যা এএফপিসহ প্রধান সংবাদমাধ্যমগুলো এই মাসের শুরুতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে।
হোয়াইট হাউসে এই পরিবর্তনটি জাতীয় নিরাপত্তা পরিষদ কর্তৃক ‘আপার প্রেসে অননুমোদিত প্রকাশ থেকে সংবেদনশীল তথ্য রক্ষা করা’ শীর্ষক একটি স্মারকলিপিতে ঘোষণা করা হয়েছে।
লিভিট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুংকে পাঠানো এই চিঠিতে প্রেস পাসধারীদের ‘আপার প্রেসে’ অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: এএফপি