ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আরও চারজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া তথ্যে সংস্থাটি লিখেছে, “এর ফলে দিল্লি বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে”।
এনআইএ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার চিকিৎসক মুজাম্মিল শাকিল গনাই, আনন্তনাগের ডা. আদিল আহমেদ রাথার, উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের ডা. শাহিন সাঈদ এবং জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের মুফতি ইরফান আহমেদ ওয়াগায়।
সংস্থাটি জানিয়েছে, তাদের তদন্ত অনুযায়ী “এই ব্যক্তিরা সন্ত্রাসী হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন”।
ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চারজন অভিযুক্তকে দিল্লির পাটিয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ আদালতে হাজির করা হয়, যেখানে তাদের ১০ দিনের হেফাজতে পাঠানো হয়েছে।
এর আগে এনআইএ আরও দুই জনকে গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যে একজন রাশিদ আলি, যার নামে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি নিবন্ধিত ছিল এবং অন্যজন জাসির বিলাল ওয়ানি, যিনি প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগে অভিযুক্ত।
এনআইএ জানিয়েছে, দিল্লি বিস্ফোরণে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। সূত্র: বিবিসি
মাহফুজ/