ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতির ইঙ্গিত দেওয়ার পাশাপাশি দেশটির আকাশপথে নিরাপত্তাহীনতা বাড়ার আশঙ্কায় একদিন আগেই সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এরপরই দেশটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক যাত্রীবহনকারী বিভিন্ন এয়ারলাইন্স দ্রুত ফ্লাইট বাতিল করতে শুরু করেছে।
রবিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ এবং সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট জানিয়েছে, শনিবার ব্রাজিলের গোল, কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা, চিলির লাতাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইনস এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করেছে।
কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রক সংস্থা অ্যারোনটিকা সিভিল এক বিবৃতিতে জানিয়েছে, মাইকেটিয়া আকাশপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে সেখানে ফ্লাইট পরিচালনায় “সম্ভাব্য ঝুঁকি” তৈরি হয়েছে। ট্যাপ এয়ার পর্তুগালও নিশ্চিত করেছে যে তারা শনিবারের পাশাপাশি আসন্ন মঙ্গলবারের ফ্লাইটও বাতিল করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, “যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ভেনেজুয়েলার আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।”
এদিকে স্পেনের আইবেরিয়া জানিয়েছে, তারা আসছে সোমবার থেকে কারাকাস রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখবে। তবে গত শনিবার কারাকাস থেকে মাদ্রিদগামী ফ্লাইটটি যথাসময়ে ছেড়ে গেছে।
আইবেরিয়ার এক মুখপাত্র বলেন, “কখন এই রুটে ফ্লাইট চালু হবে, তা পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
অন্যদিকে, কোপা এয়ারলাইন্স ও উইঙ্গো গত শনিবার মাইকেটিয়া রুটে তাদের নির্ধারিত ফ্লাইট চালু রেখেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের সতর্কবার্তায় বলেছে, ভেনেজুয়েলা ও এর আশপাশে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সামরিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। যেকোনো উচ্চতায় উড়োজাহাজ চলাচলে তাই ঝুঁকির সম্ভাবনা রয়েছে।
এদিকে, যুক্তরাষ্টের চারজন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলা–সংশ্লিষ্ট “অপারেশনের” নতুন ধাপ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দুই কর্মকর্তা জানান, প্রথম ধাপে গোপন অভিযানের কথা বিবেচনায় আছে, যা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পরিচালিত হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, “মাদক যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ করতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আমেরিকার সব ধরনের সামর্থ্য ব্যবহার করতে প্রস্তুত।”
সুলতানা দিনা/