রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর শুরু হওয়ার আগে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক চুক্তি হওয়ার আভাস পাওয়া গিয়েছিল।
কিন্তু শুক্রবারের (৫ ডিসেম্বর) বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তির কোনো খবর আসেনি। বৈঠকের মূল বিষয় ছিল দুই দেশের বাণিজ্য। তবে তার মানে এই নয় যে, ভারতের সামরিক খাতে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাশিয়া রাখবে না। অন্তত তা-ই মনে করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে তারা।
প্রতিরক্ষার দিক থেকে দেখলে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ভারত রাশিয়ার কাছে পঞ্চম প্রজন্মের সু-৫৭ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেনি। অথচ ভারতের আকাশসক্ষমতা পূরণের জন্য সেটি তাদের প্রয়োজন। অনেকেই ধারণা করেছিল, ভারতের কাছ থেকে এ বিষয়ে কোনো আহ্বান বা অনুরোধ আসবে। তা হয়নি, বরং এর বদলে তারা এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সরবরাহ চেয়েছে। ওই আকাশ প্রতিরক্ষাব্যবস্থাটির জন্য আগেই ভারত অর্ডার দিয়েছিল। কিন্তু পুরো অর্ডার হাতে পেতে দেরি হচ্ছে তাদের। সেটিই রাশিয়ার কাছে পূরণের অনুরোধ জানিয়েছে ভারত।
বিবিসির প্রতিবেদন বলছে, বর্তমান বাস্তবতায় রাশিয়ার জন্য এটি করা কঠিন হয়ে উঠতে পারে। কারণ তাদের প্রতিরক্ষা রসদের বিপুল অংশই এ মুহূর্তে ইউক্রেনে ব্যবহৃত হচ্ছে। তবে প্রকাশ্য কিছু না বললেও পর্দার আড়ালে যুদ্ধবিমান ও অন্যান্য বড় প্রতিরক্ষা সরঞ্জামবিষয়ক চুক্তি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
ভারত বর্তমানে রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে প্রতিরক্ষা সহযোগিতা পাচ্ছে। রাশিয়াই ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। বর্তমানে ভারতের আমদানির প্রায় ৩৬ শতাংশ এবং সামরিক ভান্ডারের ৬০ শতাংশেরও বেশি রাশিয়া-নির্ভর। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আগামীতে আরও শক্তিশালী হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ভারতীয় সামরিক বাহিনীতে যেসব রুশ সামরিক সরঞ্জাম রয়েছে, সেগুলো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সহায়তা দিচ্ছে রাশিয়া। সু-৩০ এমকেআই যুদ্ধবিমানের ক্ষেত্রেও ভারত রাশিয়ার সহায়তা পাচ্ছে। রাশিয়ার দিক থেকে ভারতে পাঠানো সামরিক সরবরাহের মধ্যে একে-২০৩ অ্যাসল্ট রাইফেলও আছে। ধীরে ধীরে নিজ সেনাদের বড় একটি অংশের হাতে ওই রাইফেল তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতের।
উচ্চপর্যায়ের বৈঠক থেকে যতটুকু আভাস মিলেছে, তাতে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক এখন যৌথ গবেষণা, উন্নয়ন এবং উন্নত প্রতিরক্ষা প্ল্যাটফর্ম তৈরির দিকে এগোচ্ছে। এটি ভারতের ‘আত্মনির্ভর’ হওয়ার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে রাশিয়া ভারতের পারমাণবিক সক্ষমতার ডুবোজাহাজ কর্মসূচিতেও সহায়তা করেছিল।
রাশিয়া ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে তারা উন্নত এস-৫০০ প্রমিথিউস আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং সু-৫৭ পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ভারতের কাছে রপ্তানির বিষয়ে বিবেচনা করতে পারে। তবে সেটি তাদের নিজস্ব বাহিনীর চাহিদা পূরণের পর। সূত্র: বিবিসি।