বন্ডি বিচে ভয়াবহ গণগুলিবর্ষণের সময় এক আততায়ীর কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচানো সাহসী ব্যক্তি আহমেদ আল আহমেদের প্রতি বিশ্বজুড়ে মানুষের সহানুভূতি ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ অব্যাহত রয়েছে।
জীবন বাজি রেখে আততায়ীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে হিরো হওয়া আহমেদ আল আহমেদ এবার অনুদানেও নতুন নজির গড়েছেন তিনি।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ আল আহমেদের জন্য চালু করা গো-ফান্ড-মি (GoFundMe) তহবিল সংগ্রহ অভিযানে অনুদানের পরিমাণ ১১ লাখ অস্ট্রেলিয়ান ডলার ছাড়িয়েছে, যা মার্কিন মুদ্রায় প্রায় ৭ লাখ ৪৪ হাজার ডলার (প্রায় ৯ কোটি টাকা)। গুলিবিদ্ধ হয়ে অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে সিডনির সেন্ট জর্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এক দিনের মধ্যেই এই বিপুল অর্থ সংগ্রহ হয়। এতে সবচেয়ে বড় অনুদান দেন মার্কিন বিলিয়নিয়ার ও হেজ ফান্ড ব্যবস্থাপক বিল অ্যাকম্যান। তিনি ৯৯ হাজার ৯৯৯ অস্ট্রেলিয়ান ডলার অনুদান দেওয়ার পাশাপাশি নিজের এক্স অ্যাকাউন্টে তহবিল সংগ্রহের লিংক শেয়ার করেন।
হাসপাতালের বাইরে আহমেদের প্রতি সংহতি জানাতে ভিড় করছেন সাধারণ মানুষ। অনেকে ফুল ও শুভকামনা নিয়ে আসছেন। মিশা ও ভেরোনিকা পচুয়েভ তাদের সাত বছর বয়সী কন্যা মিরোস্লাভাকে সঙ্গে নিয়ে আহমেদের জন্য ফুল রেখে যান।
ভেরোনিকা বলেন, “আমার স্বামী রুশ, আমার বাবা ইহুদি, আমার দাদা মুসলিম। বিষয়টি শুধু বন্ডি বিচের নয়—এটি প্রতিটি মানুষের ব্যাপার।”
এদিকে ৪৩ বছর বয়সী ইয়োমনা তুনি দীর্ঘ সময় সেন্ট জর্জ হাসপাতালের বাইরে অবস্থান করেন। তিনি আহমেদের দ্রুত আরোগ্যের জন্য তহবিল সংগ্রহে যুক্ত একটি মুসলিম পরিচালিত দাতব্য সংস্থার পক্ষ থেকে সহায়তা দিতে এসেছিলেন।
ইয়োমনা বলেন, “আমাদের উদ্দেশ্য হলো তার দ্রুত সুস্থতার জন্য যতটা সম্ভব অর্থ সংগ্রহ করা।”
আরও পড়ুন: আততায়ীর কাছ থেকে গুলি কেড়ে নিয়ে হিরো হয়ে গেলেন আহমেদ
দুই কন্যার বাবা, শরণার্থী পরিবারে বেড়ে ওঠা আহমেদ আল আহমেদ বন্ডি বিচের সেই হামলার সময় নিজের জীবন বাজি রেখে যেভাবে আততায়ীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়েছিলেন, তা অস্ট্রেলিয়াসহ বিশ্বজুড়ে মানবিক সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে, তার সেই মুহূর্তের সাহসিক সিদ্ধান্ত না থাকলে প্রাণহানির সংখ্যা আরও বেড়ে যেতে পারত। সূত্র: আল জাজিরা
মাহফুজ/