ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ভেনেজুয়েলায় অভিযানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘‘স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে আপনার সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য অভিনন্দন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সেনাদের চমৎকার এই পদক্ষেপকে স্যালুট জানাই।’’
এদিকে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ ইরানকে ভেনেজুয়েলার পরিস্থিতির দিকে ‘গভীর নজর’ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার ঘোষণা দেওয়ার পর, ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি সংক্ষিপ্ত পোস্টে এই মন্তব্য করেন।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্মকর্তা ও রাজনীতিবিদেরা তেলসমৃদ্ধ এই দক্ষিণ আমেরিকান দেশটিতে মার্কিন অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানানোর প্রেক্ষাপটে লাপিদ এই মন্তব্য করলেন।
ভেনেজুয়েলার মিত্র দেশ ইরান শুরুতেই এই মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানায়। তারা একে ভেনেজুয়েলার ‘জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা জাতিসংঘ সনদের মূলনীতি এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই
মাহফুজ/