ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে এই তথ্য জানান তিনি।
ওই কর্মকর্তা বিক্ষোভকারীদের একটি পক্ষকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে বলেন, তারাই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য- উভয়ের মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি দেননি।
এর আগে একটি মানবাধিকার সংস্থা দাবি করেছিল, বিক্ষোভে কয়েকশ মানুষ নিহত হয়েছে এবং হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সরকারি পর্যায়ের সর্বশেষ স্বীকারোক্তিতে সেই সংখ্যার চেয়ে অনেক বেশি মৃত্যুর ইঙ্গিত মিললো।
এদিকে বিবিসির পার্সিয়ান সংবাদদাতা জিয়ার গোল এ বিষয়ে বলেন, ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে’। তিনি বলেন, ইরান সরকার আগেও শক্তি প্রয়োগ করেছে কিন্তু এবারে যা ঘটছে তা একেবারেই নজিরবিহীন।
এর আগে জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় এক সম্মেলনে বলেছেন, ‘রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে শত শত মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার আটক হয়েছে’। তিনি জানান জাতিসংঘের নিজস্ব সূত্রগুলো থেকে এ ধারণা পাওয়া গেছে।
এর আগে গতকাল একটি মানবাধিকার সংস্থা বলেছে তাদের বিশ্বাস ৬৫০ জনের মতো নিহত হয়েছেন।
সুমন/