ইরান যাতে কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ব্রিটেন। এই লক্ষ্য অর্জনে বিশ্বমিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেন, ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে—এটা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মূল উদ্দেশ্যই হলো তেহরানকে এই সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা।
তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে বর্তমান সময়ের একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ‘বিরাট গুরুত্বপূর্ণ’ একটি ইস্যু।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলায় ব্রিটেন সমর্থন দেবে কি না—এমন প্রশ্নের জবাবে কৌশলগত সতর্কতা বজায় রাখেন স্টারমার।
তিনি সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ না বলে জানান, লক্ষ্য অর্জনের উপায় নিয়ে ব্রিটেন বর্তমানে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
স্টারমার বলেন, “আমরা ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত রাখার লক্ষ্যকে পূর্ণ সমর্থন করি। কীভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যায়, তা নিয়ে আমরা আমাদের মিত্রদের সঙ্গে কথা বলছি।”
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য একদিকে যেমন ইরানের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার বার্তা দেয়, অন্যদিকে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে ব্রিটেনের সতর্ক অবস্থানও স্পষ্ট করে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকা প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্র: আল জাজিরা
মাহফুজ/