ক্রেমলিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছে, টোকিওর ‘অবন্ধুসুলভ’ অবস্থানের কারণে জাপানের সঙ্গে সম্পর্ক কার্যত শূন্যে নেমে এসেছে এবং শান্তিচুক্তি নিয়ে কোনো সংলাপ চলছে না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও জাপান কখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষর করেনি। মূল বাধা হিসেবে রয়েছে কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের বিরোধ, যা জাপানে ‘নর্দার্ন টেরিটরিজ’ নামে পরিচিত।
শুক্রবার পার্লামেন্টে দেওয়া অভিষেক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ‘জাপান-রাশিয়া সম্পর্ক বর্তমানে কঠিন অবস্থায় থাকলেও আঞ্চলিক বিরোধের সমাধান এবং শান্তিচুক্তি সম্পাদনের লক্ষ্য থেকে জাপান সরকারের অবস্থান পরিবর্তিত হয়নি।’ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস এ তথ্য প্রকাশ করেছে।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, টোকিওর ‘অবন্ধুসুলভ অবস্থান’। এর কারণে রাশিয়া-জাপান সম্পর্ক ‘শূন্যে নেমে এসেছে’। তিনি বলেন, ‘কোনো সংলাপ নেই, আর সংলাপ ছাড়া শান্তিচুক্তি নিয়ে আলোচনা সম্ভব নয়। রাশিয়া কখনোই এই সংলাপ শেষ করার পক্ষে ছিল না।’
তিনি আরও যোগ করেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের সম্পর্কের ধরন পরিবর্তন না হলে কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো কঠিন বলে মনে হয়।’ সূত্র: রয়টার্স