যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্রতর হওয়ার মধ্যে তেহরান হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজে হামলা শুরু করায় মধ্যপ্রাচ্যে সুপারট্যাঙ্কার ভাড়া সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত শিপিং ডেটা ও শিল্পসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ওই এলাকায় জাহাজে আঘাত হানার পর প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
এই বিঘ্ন এবং দীর্ঘমেয়াদি বন্ধের আশঙ্কায় তেলের দাম ও ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের মূল্য বেড়েছে। চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুড ফিউচার প্রায় ১০ শতাংশ বেড়েছে, কারণ সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে একাধিক তেল ও গ্যাস স্থাপনায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
মধ্যপ্রাচ্য থেকে চীনে ২০ লাখ ব্যারেল তেল পরিবহনে ব্যবহৃত ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজের বেঞ্চমার্ক ভাড়া হার—যা টিডি৩ (TD3) নামে পরিচিত—সোমবার ওয়ার্ল্ডস্কেল শিল্প সূচকে ডব্লিউ৪১৯-এ উঠে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। এলএসইজি ডেটা অনুযায়ী, এর অর্থ দৈনিক ভাড়া ৪ লাখ ২৩ হাজার ৭৩৬ ডলার।
গত শুক্রবারের তুলনায় এই হার দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনিকে হত্যা করার পরই ছয় বছরের সর্বোচ্চ পর্যায়ে ওঠার ধারাবাহিকতা বাড়তে থাকে।
এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল ও গ্যাস স্থাপনায় সতর্কতামূলক উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজ তা অতিক্রমের চেষ্টা করলে গুলি করা হবে।
এলএনজি পরিবহন ভাড়া লাফিয়ে বৃদ্ধি
কাতার উৎপাদন স্থগিত করার পর সোমবার এলএনজি ট্যাঙ্কারের দৈনিক ভাড়া ৪০ শতাংশের বেশি বেড়েছে।
এলএনজি শিপিংয়ের মূল্যায়নকারী সংস্থা স্পার্ক কমোডিটিজের তথ্য অনুযায়ী, আটলান্টিক রুটে দৈনিক ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৫০০ ডলার, যা শুক্রবারের তুলনায় ৪৩ শতাংশ বা ১৮ হাজার ৭৫০ ডলার বেশি। প্যাসিফিক রুটে ভাড়া বেড়ে হয়েছে ৪১ হাজার ডলার, যা শুক্রবারের তুলনায় ৪৫ শতাংশ বা ১২ হাজার ৭৫০ ডলার বেশি।
জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির গ্লোবাল এলএনজি বিভাগের প্রধান বিশ্লেষক ফ্রেজার কারসন বলেন, সরবরাহ সংকটের কারণে চলতি সপ্তাহে স্পট মার্কেটে এলএনজি জাহাজের দৈনিক ভাড়া এক লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে।
তিনি বলেন, “ফেব্রুয়ারিতে আবহাওয়া-জনিত বিঘ্নে যে জট তৈরি হয়েছিল, মার্চের বাকি সময় জাহাজের প্রাপ্যতা দুর্বল থাকবে, কারণ কার্গো অপারেটররা সেই জট কাটানোর চেষ্টা করছে।”
এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রধান বাংকারিং বন্দর ফুজাইরাহতে জ্বালানি বিক্রি ধীরগতির হয়ে পড়েছে। সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে এবং এতে সিঙ্গাপুরসহ অন্যান্য বন্দরে চাহিদা সরে যেতে পারে।
দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি হুন্দাই গ্লোভিস মঙ্গলবার জানিয়েছে, বিকল্প রুট ও বন্দর নিশ্চিত করার মতো জরুরি পরিকল্পনা তারা প্রস্তুত করছে।
দক্ষিণ কোরিয়ার সমুদ্রবিষয়ক মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে চলাচলকারী দক্ষিণ কোরীয় জাহাজগুলোকে অঞ্চলটিতে ব্যবসায়িক কার্যক্রম থেকে বিরত থাকতে নোটিশ জারি করেছে বলে মঙ্গলবার এক কর্মকর্তা জানিয়েছেন। সূত্র: রয়টার্স
মাহফুজ/