পশ্চিমবঙ্গের বর্ধমানের জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
সোমবারের (৪ মে) এই ঘটনায় বিজেপিকে দুষছে তৃণমূলের নেতা-কমীরা।
এছাড়া বীজপুর এবং নোয়াপাড়াতেও তৃণমূলের প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।
ঘটনার পর জেলাশাসক, সিপিকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূলের পার্টি অফিস দখল করল বিজেপি সমর্থকরা। বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে বাঁকুড়ার বিভিন্ন অংশে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সবশেষ খবরে ১৯৪ টি আসনে এগিয়ে রয়েছেবিজেপি। অন্যদিকে, মাত্র ৯৪টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
এবার নির্বাচনে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে খাতাই খুলতে পারেনি তৃণমূল। এই আবহেই কোতুলপুরে তৃণমূলের পার্টি অফিস দখল করে বিজেপি সমর্থকরা।
পার্টি অফিসের ছাদে উঠে পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে তৃণমূল কর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।
বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জঙ্গলমহলের এই তিন জেলায় এবার তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে বলে প্রাথমিক গণনায় স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র: সংবাদ প্রতিদিন, কলকাতা চব্বিশ
অমিয়/