পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) জমি হস্তান্তরের সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পেয়েছে।
সোমবার (১১ মে) বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন এসেছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া রাজ্যে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প চালুর সিদ্ধান্তও নিয়েছে নতুন সরকার।
মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গকে আয়ুস্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা হবে। পাশাপাশি উজ্জ্বলা যোজনা ৩.০, বিশ্বকর্মা যোজনাসহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পও চালু করা হবে।
সরকারি প্রশাসন ও আইনব্যবস্থায়ও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু।
তিনি বলেন, এতদিন পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর ছিল না, তবে এখন থেকে তা কার্যকর হবে। একই সঙ্গে সরকারি চাকরির আবেদন করার বয়স আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে চালু থাকা সামাজিক প্রকল্পগুলো বন্ধ করা হবে না। তবে কোনো ‘অভারতীয়’ নাগরিক এসব প্রকল্পের সুবিধা পাবেন না বলেও স্পষ্ট করেন তিনি।
এদিকে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি জনগণনার কাজ পুনরায় শুরু করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
তার অভিযোগ, আগের সরকার রাজনৈতিক কারণে জনগণনার কাজ আটকে রেখেছিল। সূত্র: হিন্দুস্তান টাইমস
অমিয়/