ইরানকে ঘিরে চলমান আন্তর্জাতিক উত্তেজনার কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে ভারতকে বিশেষভাবে তিনটি বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই তিনটি বিষয় হলো- জ্বালানি, সার ও বৈদেশিক মুদ্রা। এই তিন খাতকে তিনি ‘থ্রি এফ’ হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার (২৫ মে) মুম্বাইয়ে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়ার (সিডবি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্মলা সীতারামন বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। একই সঙ্গে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং স্বর্ণের উচ্চমূল্য ভারতের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে।
অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকট শুধু ভূরাজনৈতিক সমস্যা নয়; এর প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যেও পড়ছে। এতে পরিবহন ব্যয়, আমদানি খরচ ও জ্বালানি ব্যয় বাড়ছে। পাশাপাশি রপ্তানি আদেশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক আহ্বানের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, অতিরিক্ত স্বর্ণ কেনা এবং বৈদেশিক মুদ্রার অপচয় কমানোর আহ্বান জানিয়েছেন।
নির্মলা সীতারামন বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাবে ভারতে গত দুই সপ্তাহে কয়েক দফা পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে। সোমবারও নতুন করে জ্বালানির দাম বাড়ানো হয়।
তবে বৈশ্বিক চাপের মধ্যেও ভারতের অর্থনীতি এখনো স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, জিএসটি আদায়, অভ্যন্তরীণ চাহিদা ও বেসরকারি বিনিয়োগ ইতিবাচক ধারায় রয়েছে। একই সঙ্গে তিনি আতঙ্ক বা গুজব না ছড়ানোর আহ্বান জানান। সূত্র: এনডিটিভি
অমিয়/