যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচয়পর্ব নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন ব্রাজিলের সাবেক মডেল আমান্ডা উঙ্গারো। একটি ডিলিট হওয়া অডিও রেকর্ডিংয়ের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, মেলানিয়া মূলত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের ‘এসকট’ (পেশাদার সঙ্গী) ছিলেন। আর এপস্টাইনই মেলানিয়াকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
এই দাবি প্রকাশ্যে আসার পর মার্কিন রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।
এই দাবি মেলানিয়া ট্রাম্পের আগের সব পাবলিক স্টেটমেন্ট বা বক্তব্যের সম্পূর্ণ বিরোধী। মেলানিয়া সব সময়ই তার সম্পর্কের পেছনে জেফরি এপস্টাইনের কোনো ভূমিকা থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করে এসেছেন। তার ভাষ্যমতে, ১৯৯৮ সালে নিউইয়র্কের একটি পার্টিতে সম্পূর্ণ আকস্মিকভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল।
পাওলো জাম্পোলির তীব্র প্রতিবাদ
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং গ্লোবাল পার্টনারশিপের বর্তমান মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ফার্স্ট লেডির পাশে দাঁড়িয়ে তিনি আমান্ডা উঙ্গারোর এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, আমান্ডা উঙ্গারো ও পাওলো জাম্পোলি অতীতে দীর্ঘদিনের সঙ্গী ছিলেন এবং ট্রাম্প পরিবারের সঙ্গেও তাদের পূর্ব পরিচয় ছিল। সম্প্রতি উঙ্গারোর এক্স অ্যাকাউন্ট থেকে মেলানিয়ার ‘লুকানো সংযোগ’ ফাঁস করার হুমকি দেওয়ার পর থেকেই এই বিতর্ক নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে। তবে হোয়াইট হাউস এবং ট্রাম্পের সহযোগীরা একে একটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া