জনবহুল স্থানে প্রয়োজন অনুসারে প্রতিটি ওয়ার্ডেই গণশৌচাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২০ ডিসেম্বর) বংশালের নয়াবাজার এলাকায় ‘নয়াবাজার গণশৌচাগার’ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
মেয়র বলেন, ‘ঢাকায় এক কোটির ঊর্ধ্বে জনগণের বসবাস। সেই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষত কর্মজীবী নারীদের জন্য গণশৌচাগার অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। যে জায়গাগুলোতে জনসমাগম রয়েছে, সেসব জায়গায় প্রয়োজন অনুসারে প্রতিটি ওয়ার্ডেই আমরা গণশৌচাগার নির্মাণ করব।’
এ পর্যন্ত নতুন ৬টি ওয়ার্ডে গণশৌচাগার নির্মাণ করা হয়েছে এবং ৫টি ওয়ার্ডে নতুন গণশৌচাগার নির্মাণ কাজ চলমান রয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘আজকে বংশালের এই গণশৌচাগারসহ আমরা ইতোমধ্যে নতুন করে ৬টি ওয়ার্ডে নতুন গণশৌচাগার উদ্বোধন করেছি। আরও ৫টি ওয়ার্ডে গণশৌচাগার নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়াও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অনেক গণশৌচাগার বন্ধ হয়ে গিয়েছিল। কিছু দখল অবস্থায় ছিল। আমরা সেগুলো দখলমুক্ত ও সংস্কার করে চালু করেছি। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো, প্রতিটি ওয়ার্ডেই অন্তত ১টি করে গণশৌচাগার নির্মাণ করা। পরবর্তী সময়ে প্রয়োজনী অনুযায়ী আমরা সেটা বৃদ্ধি করব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়ল বলেন, ‘ওয়াসার কাছ থেকে হস্তান্তরের পর বার্ষিক সূচি অনুযায়ী জানুয়ারি মাস থেকে আমরা খাল এবং নর্দমা হতে বর্জ্য ও পলি অপসারণ করে চলেছি। আগামী ২ বছর মেয়াদে এই প্রকল্পের কাজ শেষ হবে। আমরা আশাবাদী, এতে করে স্থায়ীভাবে খালগুলো দখলমুক্ত হবে।’
পরে মেয়র হাজারিবাগ এলাকার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডে গরিব-দুস্থ জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করেন।