রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় এটি করা হয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা, ৫ থেকে ১২ বছরের নিচে প্রতিজনের প্রবেশ ফি ৫০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা এবং ৫ বছরের কম বয়সী শিশুরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দলগত ফি এত হাজার টাকা, ১০১-২০০ জনের দল হলে ফি এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তা ছাড়া বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা বা সমপরিমাণ ডলার।
এ ছাড়া উদ্যানে প্রাতঃভ্রমণের জন্য প্রতিজনের বার্ষিক প্রবেশ কার্ড ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এবং এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কার্ডধারীরা বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে পারবেন।
কার্ড হারালে বা নবায়নের জন্য ২০০ টাকা ফি দিয়ে নতুন কার্ড নিতে হবে।
জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
গত ২১ এপ্রিল বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলে জনসাধারণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জনগণের প্রতিক্রিয়া বিবেচনা করে মন্ত্রণালয়ের উপদেষ্টা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনরায় নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
অমিয়/