সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রবিবার (৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
সিপিডি জানায়, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতি জিডিপির দশমিক ২৬ শতাংশ।
ফাহমিদা খাতুন বলেন, কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যার পরিমাণ ৫ হাজার ১৬৯ কোটি টাকা। এছাড়া অবকাঠামো খাতে ৪ হাজার ৬৫৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জেলা হিসাবে সবচেয়ে ক্ষতি হয়েছে নোয়াখালীতে। যার পরিমাণ ৪ হাজার ১৯১ কোটি টাকা। এর পর আছে কুমিল্লা জেলা। ক্ষতির পরিমাণ তিন হাজার ৩৯০ কোটি টাকা।
বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার ঘাটতি ছিল। এ কার্যক্রমে জনপ্রতিনিধি থাকা দরকার ছিল কি না তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কোনো ব্যক্তি একাধিকবার ত্রাণ পেয়েছেন, আবার অনেকেই পাননি। এ ছাড়া অনেকেই ত্রাণসামগ্রী বিক্রি করে দিয়েছেন বলেও জানান তিনি।
অমিয়/