রাজধানীতে সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা মহাখালী ও খিলগাঁওয়ে রেলপথ অবরোধ করে রাখে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন।
তিনি বলেন, মহাখালী রেলক্রসিং ও খিলগাঁওয়ে রেললাইনে রিকশা ফেলে অবরোধ করে রেখেছেন রিকশাচালকরা। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
এ ছাড়া মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছেন। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এসব এলাকায় রিকশাচালকরা জড়ো হন। পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি।
সকাল ১০টার দিকে ট্রাফিক গুলশান ডিভিশনের ফেসবুক পেজে বলা হয়েছে, এই মুহূর্তে জনস্বাস্থ্যের সামনে, আমতলী, মহাখালী রেলক্রসিংয়ে ব্যাটারিচালিত রিকশাচালকরা সব রাস্তা বন্ধ করে অবস্থান করছেন। যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে পুলিশ।
জয়ন্ত/অমিয়/