দীর্ঘ আলোচনার পর সমস্যা সমাধানে দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোর পর টানা ৩৩ ঘণ্টা অবরোধ শেষে সাভারে নবীনগর-চন্দ্রা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের আন্দোলনরত শ্রমিকরা।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম।
তিনি জানান, দীর্ঘ আলোচনা শেষে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। অবরোধ প্রত্যাহার হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিইপিজেড কর্তৃপক্ষ এবং আন্দোলনরত শ্রমিকদের যৌথ বৈঠকে আগামী তিন মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দেওয়ার পর বিকেল ৫টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, ‘আমি যতদূর জানতে পেরেছি, আলোচনায় শ্রমিকদের কাছ থেকে তিন মাসে সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অকশনের মাধ্যমে কারখানা বিক্রি করে সব শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে। এ ছাড়া আগামী ২ ডিসেম্বর থেকে শ্রমিকদের তাদের কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কারণ এই কাগজপত্র যাচাই-বাছাই করাটাও সময়সাপেক্ষ ব্যাপার। কাজেই এর মধ্যে যেন এই কাজটুকুও এগিয়ে রাখা যায় এবং কারখানা বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের পাওনাদি পরিশোধ করে দেওয়া যায়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ২০২১ সালে আর্থিক সংকটের মুখে বন্ধ হয়ে যাওয়া ডিইপিজেডের প্রতিষ্ঠান লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বকেয়া পাওনার দাবিতে আন্দোলন শুরু করেন।
পরে বুধবার সকাল থেকে আন্দোলনরত শ্রমিকরা অবরোধের পাশাপাশি পুরোনো ডিইপিজেডের ভেতরে অন্য শ্রমিকদের প্রবেশও বন্ধ করে দেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিকেলে এ বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করা হয়।