আগামী চার দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৯ নভেম্বর) দেশের তিন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের উপকূল অতিক্রম করতে পারে।
শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শনিবার সন্ধ্যা ৬টার পরও খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবার থেকে কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হিমালয়ের শীতল বাতাসের কারণে দিন দিন তাপমাত্রা কমছে। ফলে বাড়ছে শীতের তীব্রতা। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এটি।
এর আগে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আগামী দু-এক সপ্তাহে আরও কমার সম্ভাবনা রয়েছে।
পঞ্চগড় থেকে হিমালয় পর্বতমালা অনেক কাছাকাছি হওয়ায় প্রতিবছরই এখানে শীতের তীব্রতা বেশি থাকে। এ ছাড়া অন্য জেলার তুলনায় এখানে আগে-ভাগেই শীতের আগমন ঘটে এবং দেরিতে বিদায় নেয়।
এদিকে জেলায় শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চারপাশ ঘন কুয়াশায় ঢেকে থাকছে। বিভিন্ন হাটবাজারে অস্থায়ীভাবে গড়ে ওঠা দোকানগুলোতে পিঠাপুলি বিক্রি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যাও বেড়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ‘শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। মূলত হিমালয় কাছাকাছি হওয়ায় আমাদের জেলায় শীতের আগমন আগে-ভাগেই ঘটে।’
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘প্রতিবছর এখানে শীত আগেই আসে। তাই আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। যারা প্রকৃত গরিব, অসহায় ও শীতার্ত মানুষ, তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।’