বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ, ক্ষমা প্রার্থনা ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইজতেমার ময়দানে সকাল ৯টা ৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয়।
মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
আখেরি মোনাজাতে লাখো মুসলমান শরিক হন।
তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম) মাওলানা যুবায়ের অনুসারীদের আয়োজনে গত শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এই ইজতেমা শুরু হয়।
এর আগে ভারতের মাওলানা আব্দুর রহমান দিকনির্দেশনামূলক বয়ান করেন। ফজরের নামাজের পর থেকে হেদায়তি বয়ান হয়। যারা আল্লাহপাকের রাস্তায় তাবলিগে বের হবেন তাদের জন্য দিকনির্দেশনামূলক বয়ান করেন। সঙ্গে সঙ্গে বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল মতিন।
পরে নসিহতমূলক বক্তব্য পেশ করেন ভারতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার তরজমা করেন মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। নসিহতমূলক বয়ানের পরপরই দোয়া পরিচালনা করেন ইব্রাহিম দেওলা।
তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম) মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বলেন, এই আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাতের জোড় ইজতেমা।
পলাশ প্রধান/জোবাইদা/অমিয়/