মোটরবাইক, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় গত পাঁচ বছরে দেড় শতাধিক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পুরো পরিবার নিহতের প্রবণতা বাড়ছে। ২০২০ থেকে ২০২৪ সালের নভেম্বর মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনাগুলো পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদন বলছে, গত পাঁচ বছরে ১২৩টি বাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে ২৪৬ জন এবং ৮৪টি দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছে ১৬৮ জন। ৩৫২ অটোরিকশা দুর্ঘটনায় ১ হাজার ১৭৯ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৭৫টি পরিবারের ২৮০ জন, এবং প্রাইভেটকার দুর্ঘটনায় ৭৬টি পরিবারের ২৪৯ জন নিহত হয়েছে। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ১৮টি পরিবারের ৭০ জন নিহত হয়েছে।
এসব দুর্ঘটনার পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে। এগুলোর মধ্যে রয়েছে- মহাসড়কে অটোরিকশা চলাচল, অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকা, চালকদের অদক্ষতা ও বিশ্রামহীন ড্রাইভিং করা, ট্রাফিক আইন না মেনে বেপরোয়া মোটরযান চালনা।
জয়ন্ত সাহা/মাহফুজ/এমএ/