আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেওয়া তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশন প্রধানের উপরোক্ত বক্তব্য স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এ ছাড়াও গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহিদের প্রাণ এবং ৩০ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে কুখ্যাত আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচনব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জনআকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচনসহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের রক্তের অবমূল্যায়ন হবে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না।’