রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালত এই আদেশ দেন। আগামী রবিবার তাদের শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী আইনজীবী রেজাউল করীম খান রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। কিন্তু ছুটির দিন হওয়ায় রিমান্ড শুনানির জন্য আগামী রবিবার তারিখ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে পুলিশের চেকপোস্টে পার্কিং করা মোটরসাইকেলকে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র (বুয়েট) মুহতাসিম মাসুদের (২২) মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তার দুই সহপাঠী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
নিহত মাসুদ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোড এলাকার মো. মাসুদ রহমানের ছেলে।
এছাড়া আহত মেহেদী হাসান খান (২২) কুমিল্লা সদরের মফিজুর রহমান খানের ছেলে এবং অমিত সাহা ময়মনসিংহের মুক্তাগাছার তপন কুমার সাহার ছেলে। তারা দুজনও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ ঘটনায় গেপ্তাররা হলেন- মুবিন আল মামুন (২০), তার বন্ধু মো. মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী।
পুলিশ জানায়, প্রাইভেটকারটি চালাচ্ছিলেন মুবিন আল মামুন, তিনি সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে। গাড়িটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের বাবা মাসুদ মিয়া৷
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘পূর্বাচল নীলা মার্কেট সংলগ্ন ৩০০ ফিট সড়কের নীলা মার্কেট যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা মো. মাসুদ রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।’
মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত আটটার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন বুয়েট ছাত্র মুহতাসিম মাসুদ। পরে তার দুই বন্ধুসহ ৩০০ ফুট সড়কে বেড়াতে যান। সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান। ভোররাত আনুমানিক তিনটার দিকে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়। ওই সময় বেপরোয়া গতির একটি গাড়ি চেকপোস্ট অতিক্রম করে বুয়েট ছাত্রদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুহতাসিম মাসুদ। আহত হন বাকি দুজন। মেহেদীকে স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।