জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন হবে না। জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তারা তো গণতন্ত্রেই বিশ্বাস করে না। আর বিএনপিই একমাত্র দল, যারা গত পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।’
শনিবার (২০ জুন) বেলা ৩টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘তারেক রহমান যেদিন দেশে ফিরেছিলেন, সেদিনই তিনি বলেছিলেন তার একটা পরিকল্পনা আছে। তিনি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই কর্মযজ্ঞ শুরু করেছেন। এটা সবাই পারেন না, এটা সেই নেতারাই পারেন যারা স্বপ্ন দেখেন। তারেক রহমান সাহেব স্বপ্ন দেখেন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। যেটা তার পিতা চেয়েছিলেন, যেটা তার মাও চেয়েছিলেন। আমরা যারা তার সঙ্গে কাজ করছি তাঁরা দেখছি, তিনি একজন কাজপাগল মানুষ। ২৪ ঘন্টার মধ্যে তিনি দিনরাত কাজ করেন। এই মানুষটি আজকে সমগ্র দেশে প্রতিটি ক্ষেত্রে কাজ করার জন্য হাত দিয়েছেন এবং তিনি এগিয়ে যাচ্ছেন।’
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের যাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছেন, আমরা কাজ করছি। কাজ করার চেষ্টা করছি। কোনো ব্যক্তির জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়, সামগ্রিকভাবে কল্যাণের জন্য কাজ করছি। বাংলাদেশকে সত্যিকার অর্থে আমরা এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যে জায়গা থেকে বাংলাদেশকে দেখে অত্যন্ত বিশ্বের মানুষ বলবে এই দেশটা অনেক দূর এগিয়ে গেছে।’
মতবিনিময় সভায় মুন্সীগঞ্জের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আজকে মুন্সীগঞ্জে আমরা অনেক গুলো সমস্যা দেখেছি। আমরা চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি। আপনাদের যে অবকাঠামোগত সমস্যা রয়েছে, রাস্তা ব্রিজ-কালভার্টসহ আমরা এমন একটি প্রকল্প তৈরি করতে পারি। যার মধ্য দিয়ে আমরা মুন্সীগঞ্জের সমস্যার সমাধান করবো।’
এরআগে বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকার মোল্লারচর কাঠেরপুল পরিদর্শন ও পরে উত্তর ইসলামপুর কবরস্থানে চব্বিশেরর গণঅভ্যুত্থানে শহিদ রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ ডিপজলের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় মোল্লারচর কাঠেরপুলের স্থানে একটি সেতু নির্মাণের আশ্বাসের পাশাপাশি এনিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মালয়েশিয়া সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে, শক্তিশালী হবে। উভয় পক্ষের দুই দেশের মর্যাদা রক্ষা করে,স্বার্থ রক্ষা করে চুক্তি সম্পন্ন হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে কথা হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এই তিন মাস সময়ের মধ্যে বহু কাজ সরকার শুরু করেছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড করেছে, কৃষক কার্ড করেছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছে।’
তিনি স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে বলেন, ‘মুন্সীগঞ্জের কালীদাস নদীর উপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলেরস্থলে সেতু নির্মাণ করা হবে।’
এদিকে, এরআগে এদিন সকাল ১০ টার দিকে জেলার গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে দুইতলা বিশিষ্ট গ্রামীন বাজার ভবনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী। পরে তিনি উপজেলার কালীগাছ তলা গ্রামের দুই কিলোমিটার দীর্ঘ ব্রাক অফিস- ইমামপুর সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন ও উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী নদীর উপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ্, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার, ফাহিমা নাসরিন, মাহমুদা হাবীবা, মমতাজ আলো ও সানজিদা ইসলাম, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত।
সুমন/রিফাত/