নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ অনেক পুরোনো নিবন্ধনকৃত রাজনৈতিক দল। তাই সরকার ও আদালত যদি এই দলকে নিষিদ্ধ না করে তাহলে নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা নেই।’
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি মূলত রাজনৈতিক অথবা আদালতের সিদ্ধান্ত। দলটি যাতে নির্বাচনে আসতে না পারে সেজন্য কেউ কেউ মামলা করেছেন বলে জানতে পেরেছি। কাজেই আদালত যে রায় দেবেন, আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’
সিইসি বলেন, ‘গেল তিনটি নির্বাচনে কি হয়েছে সেটি সবাই দেখেছে। এবার নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। দেশীয় কিংবা বহির্বিশ্বে কোনো চাপ নেই।’
সিইসি এম এম নাসির উদ্দিন বলেন, ‘দল করার অধিকার সবার আছে। আপনারা যে দলটির (আওয়ামী লীগ) কথা বলছেন, তারা অনেক আগে থেকেই রেজিস্ট্রেশনপ্রাপ্ত। সরকার যদি সেই দলকে নিষিদ্ধ ঘোষণা না করে আমরা তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে পারি না।’
সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘সংবিধানে যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ীই নির্বাচন কমিশন তার কাজ এগিয়ে নিচ্ছে। খুব দ্রুতই ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হবে। কেউ অবৈধভাবে ভোটার হতে চাইলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’
সিইসি বলেন, ‘এদেশে ভালো নির্বাচন করা সম্ভব। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা কমিশন গ্রহণ করবে। আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এইবার আগের মতো আর ভোট হবে না। ৯১, ৯৬-এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করারই সুযোগ পাচ্ছে না। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দলীয় প্রধান শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন। দলের কেন্দ্রীয় নেতারাও বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। কেউ কেউ দেশে থাকলেও আছেন আত্মগোপনে। অনেকে আবার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এমন অবস্থার মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে বিএনপি-জামায়াতসহ অনেক রাজনৈতিক দল।’
সভায় আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানান সিইসি।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুছ আলীর সভাপতিত্বে সভায় জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অমিয়/