হজযাত্রীদের হজযাত্রাকে নির্বিঘ্ন ও স্বাছ্যন্দ্যময় স্বাচ্ছন্দ্যময় করতে প্রতি বছরের মতো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা কম-বেশি করে এবং এয়ারক্রাফট পরিবর্তন ও সমন্বয়ের মাধ্যমে হজ ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ফলে বিমানের ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক স্থগিত করেছে সংস্থাটি।
বুধবার (২৯ জানুয়ারি) সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং এয়ারক্রাফট স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের সব ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত রাখা হয়েছে। হজ ফ্লাইট শেষে আগামী ১১ জুলাই থেকে আগের মতোই ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের সুবিধার্থে আগামী ১১ জুলাই পরবর্তী এই রুটের টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে।
এতে আরও বলা হয়, আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকেট যদি আগেই কেউ কিনে থাকেন তাহলে চাহিদা মোতাবেক ওই টিকিটের টাকা কোন বাড়তি খরচ ছাড়াই রিফান্ড (টাকা ফেরত) নিতে পারবেন। অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন। সেই সঙ্গে, যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা-সিলেট-ম্যানচেস্টার এর পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন। একইভাবে ফিরতি রুটের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।
তিথি/এমএ/