জুলাই-আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার কী ব্যবস্থা নেয় তা জানাতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে।’
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই ঢাকা জেলা গণঅধিকার পরিষদের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ যে পাপ করেছে, তারা কোনো ক্ষমা পেতে পারে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। গণঅধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে সোচ্চার। কিন্তু এ ব্যাপারে সরকারের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। ৪৮ ঘণ্টার মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাও করা হবে।’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনায় রাশেদ খান বলেন, ‘সরকারের অযোগ্য উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার করতে বিপ্লবী উপদেষ্টা দরকার। উপদেষ্টাদের অধিকাংশই সুশীল। তাই তাদের কাছে রাষ্ট্র সংস্কার প্রত্যাশা করি না। ইতোমধ্যে তাদের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে।’ উপদেষ্টাদের আর্থিক হিসাব জনসম্মুখে পেশ করার আহ্বান জানান তিনি।
সরকারের সহযোগিতায় কোনো রাজনৈতিক দল গঠন করা হলে তা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা এককভাবে দখল করে সরকারের সহযোগিতায় ‘কিংস পার্টি’ গঠন জনগণ মানবে না। দল গঠন করতে চাইলে উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের আগে পদত্যাগ জনগণ মেনে নেবে না। এটা করলে জাতি বিশাল সংকটে পড়বে।”
দেশের গুরুত্বপূর্ণ নানা দপ্তরের কমিটিতে একজন করে ছাত্রপ্রতিনিধি দেওয়া হচ্ছে। রাশেদ প্রশ্ন রেখে বলেন, ‘কমিটিতে ছাত্রদের কাজ কী? সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের খবরদারি খারাপ বার্তা দিচ্ছে। সরকারে কে কোথায় বসবেন, এগুলো যদি ছাত্ররা ঠিক করেন, তাহলে তাদের সম্পর্কে ভুল মেসেজ যাবে।’
গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, ঢাকা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান, সহসভাপতি আবদুর রহমান, জাফর মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল এ সময় উপস্থিত ছিলেন।