প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দুটি করা হয়েছে। দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
টিপু মুনশির বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ১১টি ব্যাংক অ্যাকাউন্টে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার সন্দেহভাজন লেনদেন হয়েছে।
আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তিনি ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৯ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন টিপু মুনশি। জুলাই অভ্যুত্থানে হত্যার অভিযোগে ওই সময়ে তার বিরুদ্ধে মামলা হয়। এর আগে জানুয়ারিতে জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য হন টিপু মুনশি। ২০১৮ সালে সংসদ নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।