রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-ভাতার দাবিতে করা আন্দোলনে হঠাৎ অসুস্থ হয়ে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম রাম প্রসাদ সিং (৪০)। গাজীপুরের জয়দেবপুরে স্টাইল ক্রাফট লিমিটেডের সিনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার ছিলেন তিনি।
রবিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাম প্রসাদ। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান, গাজীপুরের ওই কারখানাটিতে দীর্ঘদিন চাকরি করতেন রাম প্রসাদ সিং। কারখানাটিতে ২০১৯ সালের পর থেকে বেতন-ভাতা অনিয়মিত। কয়েক মাস পর পর এক মাসের বেতন পরিশোধ করা হয়। বাকি ছিল ১৪ মাসের বেতন-ভাতা। ওই বেতন-ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন গাজীপুরে আন্দোলন করেন আড়াই শ শ্রমিক। পাঁচ দিন ধরে তারা রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে আন্দোলন করে আসছেন।
কারখানাটির কোয়ালিটি এক্সিকিউটিভ দ্বীন ইসলাম জানান, আন্দোলনরত অবস্থায় রাম প্রসাদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তিনি অবিবাহিত ছিলেন। থাকতেন গাজীপুর চৌরাস্তার লক্ষ্মীপুরা এলাকায়।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক। তিনি জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।