রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় ৬৬৭টি টহল, ৭১টি চেকপোস্ট পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জোরদার এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৫৮টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি আরও জানান, গতকাল সোমবার দিনে ও রাতে মহানগরের ৫০টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ছয়জন ডাকাত, সাতজন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, একজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৩ জন মাদক কারবারি, ৪৩ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাদের তল্লাশি করে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি গাড়ি, একটি ডেস্কটপ, একটি সিপিইউ, ২৩টি প্রিন্টেট স্মার্ট কার্ড, একটি সিডি, ছয়টি মোবাইল ও ১৮টি পাসপোর্ট জব্দ করা হয়। এ ছাড়া জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৫১ পিস ইয়াবা ও ছয় গ্রাম হেরোইন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫৮টি মামলা এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার দিনে ও রাতে ২৪ ঘণ্টায় মহানগরীর ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।