৪৪তম বিসিএস পরীক্ষার ভাইভা সবার আগে শেষ করার পর ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন প্রার্থীরা।
একইসঙ্গে দাবি আদায়ে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীরা চলমান ভাইভা ও ইতোমধ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আরেক বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানান বিসিএস পরীক্ষার্থীরা।
বর্তমান কমিশন বিসিএসকে ‘একটা জটলার ভাগাড়ে’ পরিণত করেছে বলে দাবি করে প্রার্থীরা বিসিএসের ‘জট নিরসনের’ দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমতিয়াজ আহমেদ সিয়াম নামের এক প্রার্থী ওই আলোচনার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘আমরা প্রতিনিধিরা ভেতরে গিয়ে কমিশন সভায় উপস্থিত হলে, তারা আমাদের দাবি জানতে চান। আমরা আমাদের দাবির মূলভাব ব্যক্ত করি ও স্মারকলিপি দেই। আমরা একই সঙ্গে ৪৪, ৪৫, ৪৬, ৪৭তম বিসিএসের বাস্তবতা তুলে ধরি। জট নিরসনে আমাদের সংস্কার দাবি জোরালোভাবে ব্যক্ত করি। এরপর সদস্য স্যারেরা আমাদের নানান যুক্তি দিয়ে আটকে দিতে থাকেন।’
পিএসসির সদস্য স্যারেরা বলেন যে, ‘আপনারা আজকে না আসলেও আমাদের একটা রোডম্যাপ ছিল, হয়ত দ্রুত এর বহিঃপ্রকাশও পেত।’
তখন চাকরিপ্রত্যাশীদের জানানো হয়, ৪৪তম বিসিএসের ভাইভা কার্যক্রমের অবিলম্বে রুটিন প্রকাশ করে শুরু করা হবে এবং মে মাসে তারা ৪৪ শেষ করতে না পারলেও জুনে অবশ্যই শেষ করবেন। ৮ মে থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, একই সঙ্গে লিখিত ও ভাইভা চলবে বলে আমাদের জানান এবং এই পরিকল্পনা তাদের পূর্ব-স্থিরকৃত।’
‘প্রার্থীদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে কৃত্রিম সম্মতি নিয়ে সভা শেষ করা হয়’ দাবি করে সিয়াম আরও বলেন, ‘আমরা ব্যথিত মনে বলতে চাই, পিএসসি এখন একটা প্রিলি-রিটেন প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এভাবে তারা বিসিএসকে একটা জটলার ভাগাড়ে পরিণত করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা পিএসসিকে জানিয়ে দিতে চাই আপনারা ভুলবেন না এই পিএসসি জুলাইয়ের তাজা রক্তের ওপর ভেসে আছে। আমরা এটাও স্মরণ করাতে চাই জুলাই অভ্যুত্থান যারা শুরু করেছিলেন তারা প্রায় সবাই ছিলেন চাকরিপ্রার্থী মূলত বিসিএস-প্রার্থী, যাদের অধিকাংশ এখন দেশসেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।’
পিএসসির কর্মকাণ্ড ‘জুলাই চেতনার সঙ্গে অসমঞ্জস্যপূর্ণ’ মন্তব্য করে সিয়াম বলেন, ‘পিএসসির এই অমানবিক সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব। আমরা পরিষ্কার করে বলতে চাই, ৪৬তম লিখিত পরীক্ষা হুট করে নেওয়া যাবে না।’
সিয়াম বলেন ‘আমরা চাচ্ছি, ৪৪তম বিসিএসের প্রায় ৬ হাজার প্রার্থীর ভাইভা বাকি আছে। তাদের ভাইভা শেষ করতে পিএসসির (৪৬তম লিখিত পরীক্ষা শুরুর) নির্ধারিত সময়ের চেয়ে বড়জোড় অতিরিক্ত এক মাস বেশি সময় লাগবে।’
সুমন/