দেশের শিল্পখাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন সংযোগে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১০ টাকা বেড়ে হয়েছে ৪০ টাকা।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, শিল্প গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাসের বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়েছে।
তবে, বিদ্যমান গ্রাহকদের ক্ষেত্রে অনুমোদিত লোড পর্যন্ত দর অপরিবর্তিত থাকবে।
বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) অর্ধেক বিল বিদ্যমান দরে, অর্ধেক ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়। অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করা হয়।
এর আগে পেট্রোবাংলার দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গত ২৬ ফেব্রুয়ারি শুনানি করে বিইআরসি। পেট্রোবাংলা তাদের প্রস্তাবে বলে, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা ঘাটতি হবে। পেট্রোবাংলার সেই প্রস্তাব নিয়ে সমালোচনা শুরু হয়। শুনানিতেও ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা আপত্তি তোলেন।
পরে একই দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘গ্লোবালি ইউক্রেন যুদ্ধসহ এসব কারণে এলএনজির প্রাইজ যেটা, সেটা তো অনেক হাই ছিল। সরকার কত সাবসিডি দেবে? সেই জায়গায় সরকার দামটা সমন্বয় করতে চাচ্ছে। আমরা চাই যে সবাই যেন জ্বালানি ঠিকমতো পায়।’
অমিয়/