ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করা যাবে কি-না, গেজেট প্রকাশের আগেই সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এই চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
সম্প্রতি আদালত ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার রায় দেন। রায়ের কপি গত সপ্তাহে ইসিতে আসার পর মন্ত্রণালয়ের মতামত চাইল ইসি।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আদালতের নির্দেশনার পর আইনমন্ত্রণালয়ের পরামর্শ প্রয়োজন। তাদের মতামত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
গত ২৭ মার্চ, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত। একই সঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র নির্বাচিত ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করা হয়।
অনিয়ম ও দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ৮ জনকে বিবাদি করা হয়।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হয়। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করেন। তারা শপথগ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচন অনুসারে তাপস দায়িত্ব নিয়েছিলেন ২০২০ সালের ১৬ মে। অর্থাৎ করপোরেশনের মেয়াদ রয়েছে আগামী ১৫ মে পর্যন্ত। আইন মন্ত্রণালয়ের পরামর্শে গেজেট প্রকাশ করা হলে মাত্র কয়েকদিনের জন্য মেয়র পদে আসীন হওয়ার সুযোগ পাবেন ইশরাক।
ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষণার পর ইসি তার নামে গেজেট প্রকাশ করে। পরে শপথ নিয়ে তিনি দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনিই একমাত্র মেয়র, যিনি কোন সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন।
এলিস/তাওফিক/