আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্ডিওলজিস্ট এবং অল্টারনেটিভ চিকিৎসক ডা. মুজিবুর রহমানের লেখা বই ‘ওষুধ বিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে মোড়ক উন্মোচন উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন শেষে সেমিনারে ডা. মুজিবুর রহমান বলেন, ‘দ্রুতগতির বিশ্বে স্বাস্থ্যকর জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে পড়ছে।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশের নানাবিধ দূষণ এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে আমাদের শরীরে নানা জটিলতা ও অসুস্থতা দেখা দিচ্ছে।’
তিনি জানান, তার বইটিতে ব্যাবহারিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য পুনরুদ্ধার ও সুস্থতার জন্য সামগ্রিক প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘ বছরের গবেষণা এবং বাস্তবজীবনে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানগুলো তিনি তার এই বইটিতে বেশ সহজ-সরল ও কার্যকরভাবে উপস্থাপন করেছেন।
ডা. রহমান তর বক্তব্যে শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলো অনুসরণে সুষম পুষ্টি, সর্বোত্তম ব্যায়াম, চাপ ব্যবস্থাপনা, বিষমুক্তকরণ কৌশলসমূহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠান হাউস অব হারমনি ও ভ্যানটেজ ন্যাচারাল হেলথ সেন্টারের পরিচালক ও কর্মকর্তা, বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা এবং অভিভাবকসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
আরিফ সাওন/সুমন/