রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশন অনুঘটকের কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
বৃহস্পতিবার (৮ মে) ১০টায় জাতীয় সংসদ এলাকার এলডি হলে ভাসানী অনুসারী পরিষদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন
এ সময় তিনি রাজনীতিবিদ ও জনগণকে চলমান সংস্কারে সহযোগিতার আহ্বান জানান।
ড. আলী রীয়াজ বলেন, ‘জাতীয় সনদ তৈরির প্রক্রিয়ায় সবাইকে ঐক্যমত্যে আসতে হবে৷ কোনো ব্যক্তি যেন ক্ষমতার ঊর্ধ্বে উঠে না যান সেবিষয়টি সংস্কারের মধ্যে আনতে হবে। গণতান্ত্রিক দেশ গড়াই কমিশনের লক্ষ্য।’
অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন ও বদিউল আলম মজুমদার।
আজ বিকেল ৩টায় ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।
সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে ৬ টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এ কমিশন কাজ শুরু করে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি। এরপর ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে কমিশনের আলোচনা। বৈঠকের আমন্ত্রণ পাওয়া ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে সংস্কার বিষয়ে এরই মধ্যে কমিশনকে মতামত দিয়েছে ৩৫টি দল।
কমিশনের সঙ্গে এপর্যন্ত বৈঠকে আলোচনায় অংশ নেন ২৫টি রাজনৈতিক দল। আগামী ১৫ মে এর মধ্যে প্রথম পর্যায়ে আলোচনা শেষ পুনরায় দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন।
এলিস/সুমন