বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার (৩০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিজলি চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় (১২-২০) কিমি যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় (৩০-৪০) কিমি-তে বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রথমে নিম্নচাপ তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল, এটি পরবর্তীতে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি বাড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।
উত্তাল বঙ্গোপসাগর তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ৩ থেকে ৫ ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা ও লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে।
কুয়াকাটায় উত্তাল সাগর ও জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা। এমন অবস্থায় মাছধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এ ছাড়া অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সুমন/পপি/