হজ পালন শেষে ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন আরও ৪ হাজার ২৭১ জন বাংলাদেশি হাজি। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সৌদিতে মারা গেছেন একজন বাংলাদেশি হজযাত্রী। খাদিজা বেগম নামের ৪১ বছর বয়সী ওই নারী নোয়াখালীর চাটখিলের বাসিন্দা ছিলেন। গতকাল শুক্রবার হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হজ পোর্টালের তথ্যমতে, শুক্রবার (১৩ জুন) মধ্যরাত পর্যন্ত মোট দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১১ হাজার ৬২২ জন হাজি দেশে ফিরেছেন। মোট ৩৩টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইটে ২ হাজার ৯০৮ জন, সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে ৪ হাজার ৭৫২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ৫ হাজার ২১৭ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
এদিকে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৬ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৩ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১৭ জন, মদিনায় ৮ জন এবং আরাফার ময়দানে ১ জনের মৃত্যু হয়।
চলতি বছর হজে অংশ নিয়েছেন মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হাজি (ব্যবস্থাপনা সদস্যসহ)। এই বিশালসংখ্যক হজযাত্রী সৌদি আরব গেছেন মোট ২২৪টি ফ্লাইটে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১০৮টি ফ্লাইটে গেছেন ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইনসের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী। হজ ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে।